‘পরিবহনশ্রমিকদের কাছে সাধারণ যাত্রীরা সব সময় জিম্মি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনশ্রমিকদের ধর্মঘটের কারণে নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থেমে আছে বাস
ছবি: প্রথম আলো

নওগাঁয় এক চালকের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘট চলছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস না পেয়ে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাস না পেয়ে অনেক যাত্রী সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন। এতে বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা বলছেন, ধর্মঘটকে পুঁজি করে অটো ও ইজিবাইকের চালকেরা অতিরিক্ত টাকা নিচ্ছেন।

টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে বিভিন্ন পরিবহনের রাজশাহী, বগুড়া, ঢাকাসহ আন্তজেলার বাসগুলো ছেড়ে যাচ্ছে। জেলা শহর থেকে সাপাহার, নজিপুর, মহাদেবপুর, নিয়ামতপুর, পোরশাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা দাঁড়িয়ে আছেন।

একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা আবুল কালাম আজাদ। সকাল ৯টার দিকে তিনি বলেন, ‘আমি পরিবার নিয়ে নওগাঁ শহরে থাকি। আমার কর্মস্থল নজিপুরে। সকাল ১০টার মধ্যে অফিসে হাজিরা দিতে হবে। কিন্তু বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়ছে না। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় অটোরিকশাতেই যেতে হবে। এই ধর্মঘট যত দিন চলবে, তত দিন এভাবেই ভোগান্তি সইতে হবে। পরিবহনশ্রমিকদের কাছে সাধারণ যাত্রীরা সব সময় জিম্মি।’

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাসমালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই নওগাঁ-সাপাহার রুটে চলাচলকারী একটি বাসের ব্রেক ফেল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নওগাঁ শহরের জলিল পার্ক এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসটির সঙ্গে দুটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থী আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন নামঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন শ্রমিক কারাগারে আছেন। তাঁদের মুক্তির দাবিতে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন সাধারণ শ্রমিকেরা।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের একজন বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে শ্রমিকেরা এখন কর্মবিরতি শুরু করেছেন।’ তিনি বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস করে আগামী রোববার আবারও আদালতে জামিনের জন্য আবেদন করা হবে। জামিন না হলে শ্রমিকদের এই কর্মবিরতি চলতেই থাকবে।