বৈরী আবহাওয়ায় চুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

বৈরী আবহাওয়া ও নগরীর জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবহন বাসের নিয়মিত চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে আজ সোমবার চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগীয় প্রধান নূর মোহাম্মদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ১৬ আগস্ট পরীক্ষাটির পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়।

এ বিষয়ে পরীক্ষা কমিটি চেয়ারম্যান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ক্লাস হবে কি না, এ সিদ্ধান্ত আমি একা দিতে পারি না।

আজ উপাচার্যসহ সব অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সভা ডাকা হয়েছে। সেখানে কোনো সিদ্ধান্ত এলে জানানো হবে।’

চুয়েটের অবস্থান চট্টগ্রাম নগরী থেকে ২৫ কিলোমিটার দূরে। আজ সকালে টানা বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো নগরীর রেলস্টেশন এলাকা থেকে ছাড়ার বদলে কাপ্তাই রাস্তার মাথা থেকে চুয়েটের উদ্দেশে ছেড়ে এসেছে। গতকাল রোববার রাতেও বৃষ্টির কারণ দেখিয়ে স্টেশনের পরিবর্তে বহদ্দারহাট বাস টার্মিনালে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌকির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ি চট্টগ্রাম নগরে। টার্ম ফাইনাল পরীক্ষা থাকার কারণে এ রকম বৃষ্টিতেও ক্যাম্পাসে যেতে বাধ্য হচ্ছি। এদিকে রাস্তায় হাঁটুসমান পানি। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও শহরে ঠিকমতো আসতে পারছে না। বিভিন্ন লোকাল যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।’

গতকাল বৃষ্টি পরিস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আজ সোমবারের পরীক্ষা ছাড়া সব ক্লাস বর্জন করার ঘোষণা দেন।

চট্টগ্রামের আগ্রাবাদে থাকেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাসার সামনে কোমর পর্যন্ত পানি ছিল। আজ সকালে ক্লাস টেস্ট এবং দুপুরে একটা প্রেজেন্টেশন ছিল। আমরা পেছানোর কথা বললে স্যাররা রাজি হননি। আজ ভোরে আমিসহ অনেকেই ভোরে চুয়েটের উদ্দেশ্যে বের হই। পরে জানতে পারি চুয়েটের বাস রেলস্টেশন থেকে ছাড়বে না।

সিএনজিচালিত অটোরিকশা, রিকশা সব মিলিয়ে অনেক কষ্টে ক্যাম্পাসে পৌঁছেছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। তবে ক্লাস–পরীক্ষা পেছানোর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। এগুলো বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত। চুয়েটের বাস অতিরিক্ত বৃষ্টির কারণে রেলস্টেশন যেতে পারছে না। তাই শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো ভেবে দেখা যেতে পারে।’