শ্রীপুরে বনভূমি উদ্ধার অভিযানে হামলার ঘটনায় মামলা, দুই নারী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনভূমি উদ্ধার অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় সাতখামাইর বিটের বিট কর্মকর্তা (ফরেস্টার) বিপ্লব হোসেন বাদী হয়ে গতকাল রাতে শ্রীপুর থানায় মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রাতে অভিযান চালিয়ে মোসা. আম্বিয়া ও মোসা. সালমা নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতে পাঠানো হয়।
গতকাল দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামে সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় বন বিভাগের একটি দল। বন বিভাগের দাবি, উচ্ছেদ কার্যক্রম শুরুর পর স্থানীয় একদল ব্যক্তি বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনিসহ তাঁর সহকর্মীরা আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দিয়ে সরকারি সম্পত্তিও ভাঙচুর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।