টিকটকের ভিডিও করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিল কিশোর, পরে লাশ উদ্ধার

মো. মোনায়েমছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টিকটকের (সামাজিক যোগাযোগমাধ্যম) ভিডিও করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে এক কিশোর। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়।

গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওই কিশোরের নাম মো. মোনায়েম (১৫)। সে নিকলী উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনসহ কয়েকজন বলেন, বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিও ধারণ করতে নানশ্রী হাওরের সেতু এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে সে সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে হাওরের পানিতে লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে পানিতে পড়ে যায়। মুহূর্তেই তলিয়ে যায় সে।

স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে মোনায়েমকে উদ্ধারের চেষ্টা করে। তবে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে নিকলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৯ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে একটি তরতাজা প্রাণ ঝরে গেল। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।