তিন মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির চাপ থাকলেও যানজট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরবাসী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যাচ্ছেন। বাসের জন্য সড়কের পাশে অপেক্ষা করছেন তাঁরা। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়
ছবি: দিনার মাহমুদ

এবারের ঈদযাত্রায় তিন মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন ঘরমুখী মানুষ। মহাসড়কগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর চাপ বেশি হলেও যানজট নেই। তবে চলমান দাবদাহ যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভোগাচ্ছে।
আজ বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান বাইপাস সড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের তেমন কোনো চাপ দেখা যায়নি।

এসব মহাসড়কে চলমান যানবাহনগুলোকে কোনো যানজটে আটকে থাকতে হয়নি।
সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড ও গাউছিয়া এলাকার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কমেছে। এ সময় যাত্রীদের কেউ কেউ পরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। কাউন্টারগুলোর সামনে অপেক্ষমাণ যাত্রীদের প্রচণ্ড রোদ ও গরমে ভোগান্তি পোহাতে হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার দেবীদ্বারে যাওয়ার জন্য ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অপেক্ষমাণ ছিলেন শিক্ষার্থী ইসরাত জাহান। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও তিনি নিজের পছন্দের বাস পাননি। প্রথম আলোকে ইসরাত বলেন, ‘স্বাভাবিক সময়ে ১৫ থেকে ২০ মিনিট পরপর তিশা পরিবহনের বাস আসে। আজ ৩০ মিনিট অপেক্ষার পরও কোনো বাস আসেনি। প্রচণ্ড গরমে অস্থির লাগছে। এর মধ্যে টিকিটপ্রতি ৪০ টাকা বেশি ভাড়া রাখা হয়েছে।’

বাস কাউন্টারের দায়িত্বে থাকা এমদাদুল হক বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ঢাকার সায়দাবাদে গাড়ির চাপ আছে। ঢাকা থেকে বের হতেই বাসগুলো সময় নিচ্ছে। গরমে যাত্রীরা অস্থির। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।

সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়ক তিনটিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি এপিবিএন ও কমিউনিটি পুলিশ সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, এখনো ঈদযাত্রার মূল চাপ শুরু হয়নি। তবে স্বাভাবিকের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ একটু বেশি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেখানে গড়ে ৩০ হাজার যানবাহন চলাচল করে, মঙ্গলবার সেখানে ৪৪ হাজারের বেশি যানবাহন মেঘনা গোমতী টোল প্লাজা পাড় হয়েছে। বৃহস্পতিবার পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হলে মহাসড়কগুলোতে যাত্রীদের চাপ বাড়তে পারে। তখনো যানজট এড়ানো যাবে বলে বিশ্বাস শাহানা ফেরদৌসের।

শহরবাসী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যাচ্ছেন। গন্তব্যের বাস ধরতে ছুটছেন তাঁরা। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়
ছবি: প্রথম আলো

ঈদযাত্রার কথা মাথায় রেখে এবার আগেভাগেই মহাসড়কগুলোর প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মহাসড়কগুলোর চলমান কাজ স্থগিত রাখার পাশাপাশি টোল প্লাজাগুলোতে দ্রুত টোল আদায় নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া মহাসড়কগুলোতে সড়ক বিভাগের মনিটরিং টিম কাজ করছে। ঈদযাত্রা ঘিরে মহাসড়কে কিছু পুরোনো যানবাহন নামানো হয়। সেগুলো বিকল হয়ে পড়লে যানজট তৈরি হয়। এসব যান দ্রুততম সময়ে সরিয়ে নিতে র‍্যাকার টিম রাখা হয়েছে। এ ছাড়া সড়কে মেইনটেন্যান্স টিমও কাজ করছে।

ঢাকা-সিলেট মহাসড়কের পরিস্থিতি তুলে ধরে ভুলতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এই মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত হাইওয়ে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। ভুলতা থেকে নরসিংদী পর্যন্ত পুলিশের বাড়তি সতর্কতা আছে। এ ছাড়া দুটি দল সার্বক্ষণিক সড়কে টহল দিচ্ছে। সড়কে যানবাহনের চাপ নেই। ঈদযাত্রাকে আরামদায়ক করার পাশাপাশি ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। এশিয়ান হাইওয়ের চান টেক্সটাইল, কাঞ্চন টোল প্লাজা ও কাঞ্চন সেতুর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের তিনটি দল সড়ক যানজটমুক্ত রাখতে কাজ করছে বলে তিনি জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। টিকিট কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি বন্ধেও তাঁরা তৎপর আছেন। মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি এপিবিএন ও কমিউনিটি পুলিশ সদস্যরা কাজ করছেন। মদনপুর ও মোগরাপাড়ায় যানজট নিরসনে বিশেষ তদারকি করা হচ্ছে।