ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী রিনা বেগমকে (২৬) হত্যা মামলায় স্বামী হাসান মাতুব্বরকে (৩৪) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় হাসান মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের হাসান মাতুব্বরের সঙ্গে একই উপজেলার রিনা বেগমের বিয়ে হয় ২০১২ সালে। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। পারিবারিক কলহের জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি রিনাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত রিনার ভাই মো. ইলিয়াস (৪০) বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় হাসান মাতুব্বর ও তাঁর ভাই রবিউল মাতুব্বরকে (২২) আসামি করে হত্যা মামলা করেন। ২০২০ সালের ২৫ নভেম্বর হাসান মাতুব্বরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস।