চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে এক দল কিশোরের ছুরিকাঘাতে আরেক দলের এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. ফাহাদ (১৬) শহরের মসজিদপাড়ার মনিরুল ইসলামের ছেলে। ওই হামলায় মিস্ত্রিপাড়ার আশরাফুলের ছেলে ইমনকে (১৬) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই হামলায় আহত অপর কিশোরের নাম সিদ্দিক (১৬)। তার বাসা শহরের মসজিদপাড়ায়।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর প্রান্তে এক দল কিশোর অপর এক দল কিশোরের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদকে ছুরিকাঘাত করা হয়। পরে ৭টা ৫০ মিনিটে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাত সোয়া আটটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক নাজির উদ্দীন ফাহাদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ফাহাদ মারা যায়। তার গলার পেছনে ছুরিকাঘাতের গভীর খত দেখা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সেতুর সিঁড়িতে বসা নিয়ে দুদল কিশোরের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এক দলের ছুরিকাঘাতে অপর দলের এক কিশোর নিহত ও দুই কিশোর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।