ঘর থেকে তুলে নিয়ে যায় মুখোশ পরা ব্যক্তিরা, ৩ দিন পর হাত বাঁধা লাশ উদ্ধার
রাঙামাটির নানিয়ারচরে মুখোশ পরা তিন থেকে চারজন ব্যক্তি ঘর থেকে তুলে নেওয়ার তিন দিন পর শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামের এক কৃষকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলা–সংলগ্ন চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শম্ভু বিকাশ চাকমার বাড়ি নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়ায়। তিনি মৃত জামিনি মোহন চাকমার ছেলে।
নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রূপক চাকমা প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১২টার দিকে মুখোশ পরা তিন থেকে চারজন শম্ভু বিকাশ চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। থানা থেকে ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।