টাঙ্গাইলে বিএনপির চার নেতা গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, কালিহাতী ও ঘাটাইল উপজেলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় গত বুধবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,  ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন, কালিহাতী পৌর বিএনপির সাবেক সহসভাপতি সোনা মিয়া এবং ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন

এর মধ্যে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল গভীর রাতে উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের বাড়ি থেকে জাকির হোসেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকায় বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে গতকাল রাতে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি

জাকির হোসেন সরকার অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চারবার চেয়ারম্যান ছিলেন। তাঁর ভগ্নিপতি আজহারুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের কথা বলে জাকির হোসেন সরকারকে পুলিশ থানায় নিয়ে যায়। পরে আজ সকালে গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল আদালতে পাঠায়।

আরও পড়ুন

টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০২২ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মধুপুর থানা-পুলিশ জাকির হোসেনকে আদালতে পাঠায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২২ সালের একটি নাশকতা মামলায় ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন ও কালিহাতী পৌর বিএনপির সাবেক সহসভাপতি সোনা মিয়াকে কালিহাতী থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। অপর দিকে ২০২২ সালের পৃথক একটি নাশকতা মামলায় ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমানকে ধনবাড়ী থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাঁদের তিনজনকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জেলার বিভিন্ন স্থানে গতকাল রাতে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন