‘ঘর থাকি সুখ-শান্তি উঠি যাওচে’
রংপুরের বদরগঞ্জ পৌর বাজারে গতকাল শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডার (এলপিজি) কিনতে এসেছিলেন কৃষক ইদ্রিস আলী (৫৪)। এসে দেখেন গ্যাসের দাম বেড়ে গেছে। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেওয়ালোত যে পিট ঠেকি যাওচে বাহে। হামার কী হইবে? সউগ জিনিসের দাম খালি বাড়াওচে। যে কনা জমা আছিল শ্যাষের পথে। জেবন মনে হয় চলা আর যায় না।’
ইদ্রিস আলী আরও বলেন, ‘গ্রামোত ঘরে ঘরে এ্যালা স্বামী-স্ত্রীর ঝগড়া নাগে, টানাটানির সংসার। ঘরোত খরচ নাই। ত্যাল নাই, সাবান নাই, অশান্তি। ঘর থাকি সুখ-শান্তি উঠি যাওচে।’
ইদ্রিস আলীর বাড়ি বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামে। এর আগে তিনি ১২ কেজির গ্যাস সিলিন্ডার কিনেছেন ১ হাজার ২৫০ টাকায়। সেই গ্যাস গতকাল কিনতে এসে দোকানদারের কাছে শোনেন ১ হাজার ৬০০ টাকা।
একই বাজারে কথা হয় রামনাথপুর ট্যাক্সেরহাট গ্রামের বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আগে বেতন পাইতাম ১৪ হাজার টাকা। এখনো সেটাই পাই। জিনিসের দাম দ্বিগুণ থেকে তিন গুণ বাড়ছে। আগের চেয়ে খরচ অর্ধেকও করি না। সংসার চলার একটা ধারা ছিল। সেই ধারায় ছন্দপতন ঘটেছে। এতে ছেলেমেয়ে নিয়ে কষ্ট করে চলতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের কাছে দিন দিন নিজের মুখটা ছোট হয়ে আসছে।’
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের কৃষক বরকতুল্লাহ সরকার বলেন, ‘ওরা (সরকার) গদিত বসি খালি ঘোষণা দেওচে। আর বাজারোত দাম হু হু করি বাড়োচে। ওরা কত বাড়াইলো, এরা (দোকানিরা) কত বাড়াইলো, সেটা দেখার কাঁয়ো নাই। ৭০ টাকা লিটারের সোয়ামিন (সয়াবিন) ত্যাল এ্যালা ২০০ টাকা। ৫ টাকার সাবান এ্যালা ১৫ টাকা। সউগ জিনিসের দাম খালি বাড়োওচে। বাজারোত আগুন নাগছে।’
২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয় ১ হাজার ৪৯৮ টাকা। সেই গ্যাস উপজেলার বিভিন্ন খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকায়। এ বিষয়ে বদরগঞ্জ পৌর বাজারের কয়েকজন দোকানি বলেন, গ্যাসের দাম নতুন করে বাড়ানোর কারণে বাজারে সরবরাহ কমেছে। তাই বেশি দামে কিনে বেশি দামেই গ্যাস বিক্রি করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, শুধু গ্যাস নয়, সরকার নির্ধারিত দামের চেয়ে যেকোনো পণ্যদ্রব্য অতিরিক্ত দামে কেউ বিক্রি করতে পারবেন না। শিগগিরই বাজারে অভিযান চালানো হবে।
মধুপুর গ্রামের মুদিদোকানি সমছের আলী। দোকানের আয় দিয়ে এখন তাঁর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপর গ্যাস, বিদ্যুৎ, বই–খাতা–কলম, চালসহ সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আগের মতো আর ভালো খাবার কিনে খেতে পারেন না। এভাবে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।