পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩৩, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে পুলিশ ও ছাত্রলীগ অবস্থান নেয়। শনিবার বেলা ১১টার দিকে
ছবি: প্রথম আলো

পিরোজপুরে জেলা বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের হামলার পর উভয় পক্ষের সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, গণমিছিল উপলক্ষে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে আসতে থাকেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন। হামলায় বিএনপির ২০ থেকে ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে পিরোজপুর সদর হাসপাতালে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়েও তাঁদের মারধর করেন।

পুলিশ ইন্দুরকানি উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনসহ ১১ জনকে আটক করেছে।

ছাত্রলীগের হামলায় আহত বিএনপির এক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার দুপুরে পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে
ছবি: প্রথম আলো

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ বাধা দেয়। মিছিল বের করতে না পেরে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় অবস্থান করছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ক্রিকেট খেলছিলেন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। দুই পক্ষের অনেকে আহত হন।

বিএনপির গণমিছিলের আগে পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পোস্ট অফিস সড়কে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্রিকেট খেলার আয়োজন করে। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

জানতে চাইলে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ শহরের পোস্ট অফিস সড়কে মিছিল নিয়ে যাওয়ার সময়ে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেন। এতে জেলা ছাত্রলীগের আট নেতা-কর্মী আহত হয়েছেন।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, বিএনপি ও ছাত্রলীগে কর্মসূচি ছিল। ছাত্রলীগের মিছিলে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর পুলিশ বিএনপি কার্যালয় ও আশপাশে অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার ও ১১ জনকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান সন্ধ্যায় বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।