মোংলা বন্দরের জেটিতে নিরাপদে নোঙর করেছে ৮টি যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে দমকা বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় নৌবাহিনী ও কোস্টগার্ডের আটটি যুদ্ধজাহাজ নিরাপদে বন্দরের জেটিতে নোঙর করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, বন্দরের ৫ ও ৬ নম্বর জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা, শৈবাল, অনুসন্ধান, শাপলা, সুরভি ও সৈকত এবং কোস্টগার্ডের কামরুজ্জামান ও মুনসুর আলী নিরাপদে নোঙর করেছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুরের মধ্যে এসব জাহাজ নোঙর করে। এ ছাড়া বন্দরে অবস্থানরত ১৩টি বিদেশি বাণিজ্যিক জাহাজ পশুর নদের বিভিন্ন স্থানে নিরাপদে নোঙর করেছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ১২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে।