চাতলাপুর দিয়ে ত্রিপুরায় গেল আরও ২ হাজার কেজি ইলিশ

ইলিশ
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দ্বিতীয় চালানে আরও দুই হাজার কেজি ইলিশ গেল ভারতে। আজ সোমবার বেলা দুইটার দিকে ইলিশের এ চালান ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরে পাঠানো হয়েছে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বাবলু সিনহা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ ৩ সেপ্টেম্বর প্রথম চালানে দুই হাজার কেজি ইলিশ চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে পাঠিয়েছিল। প্রতি কেজি ইলিশ ৮ ডলার হিসাবে ১৫ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যমানের ওই চালান কৈলাশহরের ব্যবসায়ী আবদুল মুহিতের মাধ্যমে পাঠানো হয়। আজ দ্বিতীয় চালানে আরও দুই হাজার কেজি ইলিশ পাঠানো হলো কৈলাশহরে।

জারা এন্টারপ্রাইজের মালিক জসিম উদ্দীন ও মশীক মোল্লা বলেন, ত্রিপুরার এক ব্যবসায়ীর ইলিশের চাহিদা পেয়ে চট্টগ্রাম থেকে দুই হাজার কেজি ইলিশ কিনে শুল্ক বিভাগের সব আনুষ্ঠানিকতা শেষ করেন তাঁরা। আজ বেলা দুইটায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে চালানটি কৈলাশহরে পাঠানো হয়েছে।

জসিম উদ্দীন বলেন, শারদীয় দুর্গাপূজার আগে ত্রিপুরায় আরও ইলিশ রপ্তানির সম্ভাবনা আছে।