কচুয়ায় বাসের নিচে মোটরসাইকেল পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার রসুলপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (৩০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন (১৯)। এর মধ্যে জাহিদ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকায় একটি বাঁক রয়েছে। সেখানে বোগদাদ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেল বিপরীত দিক থেকে মুখোমুখি এসে পড়ে। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং মোটরসাইকেলটির দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, কচুয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।