মদনে প্রতিপক্ষের রামদার কোপে প্রাণ গেল কৃষকের
নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের রামদার কোপে সাজাত মিয়া (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
সাজাত মিয়া ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় আবদুল মজিদ (৬০) নামের প্রতিপক্ষের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজাত মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুর ১২টার দিকে বাড়ির সামনের মাঠে হাঁস চড়াতে যান সাজাত মিয়া।
এ সময় প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের রামদার কোপে গুরুতর আহত হন সাজাত মিয়া। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।