বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বরকতউল্লাহ বুলুর রক্ত ঝরেছে। তাঁর সহধর্মিণীর গায়ে হাত তোলা হয়েছে। কোনো সভ্য সমাজে এভাবে একজন নারীর গায়ে প্রকাশ্যে হামলা হতে পারে না। তাঁরও রক্ত ঝরেছে। সারা বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। আমরা এ রক্ত বৃথা যেতে দেব না। সারা দেশে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব, সেই সঙ্গে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে রক্তের প্রতিদান দেব।’
আজ শনিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মো. শাহজাহান এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহর ওপর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে হামলার ঘটনা ঘটে। ওই হামলার প্রতিবাদে জেলা বিএনপি আজ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সমাবেশ চলাকালে প্রেসক্লাবের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পৌনে পাঁচটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত প্রায় ৩০ মিনিট সমাবেশ চলে। সমাবেশ শেষে মো. শাহজাহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জজকোর্ট সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির নেতা মো. শাহজাহান বলেন, শেখ হাসিনা আপসে পদত্যাগ করবেন না। তাঁকে পদত্যাগে বাধ্য করতে হবে। আজ নোয়াখালীবাসীকে শপথ নিতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। প্রচারধর্মী কাজের চেয়ে প্রস্তুতিমূলক কাজের প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার প্রস্তুতি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘সারা দেশে বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি দেখে সরকার নিশ্চিত হয়েছে, তাঁরা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করে মরণকামড় দেওয়া শুরু করেছে। আমরা পুলিশ বাহিনীকে বলব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা বিশেষ একটি দলকে সাহায্য করতে গিয়ে নিজেদের কলঙ্কিত করবেন না।’
জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আবদুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ বক্তব্য দেন।
গতকাল বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে হামলার শিকার হন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ। তিনি অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা চালান। হামলায় তাঁর স্ত্রী ও দলের আরও দুই নেতা আহত হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।