বিএনপি নেতাকে হত্যার চার ঘণ্টার ব্যবধানে সীতাকুণ্ডে ব্যবসায়ী খুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুর মোস্তফাকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। চার ঘণ্টার ব্যবধানে সীতাকুণ্ডে দুটি হত্যার ঘটনা ঘটল।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমদ বলেন, আলমগীর হোসেন চৌধুরীঘাটা এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তাঁর ভাই জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল রাত ১০টার দিকে আলমগীর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে বাড়ির পাশের মুরগির খামার এলাকায় ফেলে যায়। পথচারীরা আলমগীরের নিথর দেহ পড়ে থাকতে দেখে তাঁকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। সুরতহালে লাশের গলায় ছুরির দাগ পাওয়া গেছে। কোনো বিরোধের জেরে আলমগীর হোসেনকে খুন করা হয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।