নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাওয়ার হাউস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া ওরফে বাসু (৬৫)। তিনি বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশালী ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। দুর্ঘটনার পর সোনাইমুড়ী থানা এলাকা থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মো. ইসমাইলকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বাদশা মিয়া বাড়িতে ফিরছিলেন। পাওয়ার হাউস এলাকায় পৌঁছানোর পর সড়ক পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে সোনাইমুড়ীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদশা মিয়ার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী নরোত্তমপুর গ্রামের জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কয়েক শ মানুষ সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে বেগমগঞ্জ থানা-পুলিশ, পরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা ওই পিকআপ ভ্যানচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন সড়ক থেকে সরে যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চালক মো. ইসমাইলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।