জামালপুর-৫ আসন: মাইকিং করে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে পরাজিত হলেও ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম। গতকাল সোমবার রাতে তিনি নিজ উদ্যোগে মাইকিং করে এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
হোছনেয়ারা বেগম জামালপুর শহরের ডাকপাড়া এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ আসনে তিনিসহ ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। হোছনেয়ারা ২৪৫ ভোট পান। সোমবার রাতে তিনি জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানান।
শহরের কয়েকজন জানান, নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না পেলেও হোছনেয়ারা হতাশ না হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে ভোটারদের উদ্দেশে বার্তা দেন। মাইকিং করে তিনি বলেন, ‘আপনারা যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যাঁরা ভোট দেননি, তাঁদের প্রতিও শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আপনাদের রায় আমি সাদরে গ্রহণ করছি।’ এ সময় তিনি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
হোছনেয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাইবোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। আমি নির্বাচনে অংশ নিতে পেরে গর্বিত। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। নিয়ম অনুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে ক্ষেত্রে হোছনেয়ারা বেগমসহ বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামালপুরের মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, হোছনেয়ারার এমন উদ্যোগে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে রাজনৈতিক সৌজন্য ও পরিপক্বতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। হেরে যাওয়ার পরও এভাবে ধন্যবাদ জানানো সত্যিই প্রশংসনীয়। এতে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠেছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরাজয় এলেও কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগে হোছনেয়ারা ভোটারদের কাছে আলাদা বার্তা পৌঁছে দিলেন।