রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান, কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাঁ চোখের নিচে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে অভিযুক্ত চার কর্মকর্তার বিরুদ্ধে গতকাল সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রোকনুজ্জামান ফোরামের সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছেন ফোরামের সভাপতি রোকনুজ্জামান।
সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রোকনুজ্জামান আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তাঁর উপস্থিতিতে আমরা কয়েকজন বসে দুই শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় আওয়ামীপন্থী স্বাধীনতা পরিষদের নেতা ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আমাদের কথার মধ্যে কথা বলতে শুরু করেন। একে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলসহ কয়েকজন উপাচার্যের সামনেই তেড়ে আসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’
রোকনুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় সিন্ডিকেট সভায় শুধু আমাদের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত পক্ষপাতিত্ব ও নীতিমালাপরিপন্থী। কারণ, অপরাধ হলে দুই পক্ষেরই হয়েছে। এক পক্ষ শাস্তি পাবে কেন?’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ওই চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’