দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’
শেষ বিকেলের রোদ ঝলমল করছে, এমন সময়ে হঠাৎ দুধ দিয়ে গোসল শুরু করেন এক যুবক। মুহূর্তেই তাঁকে ঘিরে জড়ো হন স্থানীয় লোকজন। কেউ বিস্মিত হয়ে দেখছিলেন, কেউ মুঠোফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন। এর কিছুক্ষণ পরই জানা গেল, পুরোনো প্রেমকে বিদায় জানাতেই যুবকের এই আয়োজন।
শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
একসময় এক নারীকে ভালোবেসেছিলেন জানিয়ে তারিকুল বলেন, সেই সম্পর্ক নিয়ে অনেক আশা ছিল। কিন্তু একপর্যায়ে সম্পর্কটি তাঁর জীবনে হতাশা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের সেই কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্তের কথা প্রতীকীভাবে জানাতে দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তারিকুল। তিনি বলেন, ‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাঁকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।’
আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাঁকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।তারিকুল ইসলাম
তারিকুলের ভাষ্য, ভালোবাসার পেছনে না ছুটে এবার ভালো পথে ফিরতে চান। নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখান। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানানোর ঘটনা তাঁদের কাছে ব্যতিক্রমী।