বাড়িতে সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তাঁর বাড়িতে সাহায্য চাইতে গিয়ে হাসিবুল খাঁ নামের এক ব্যক্তি একটি মুঠোফোন চুরি করে নিয়ে যান বলে অভিযোগ। আজ তাঁকে টেকেরহাট বাজারে দেখে ধাওয়া করলে অসুস্থ হয়ে মেরজন শেখ মারা যান।
পরে এলাকাবাসী অভিযুক্ত হাসিবুল খাঁকে মারধর করে পুলিশে দেন। হাসিবুল বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
ঘটনার পর মেরজন শেখের বাড়িতে গিয়েছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, একটি মাদ্রাসার জন্য সাহায্য চাইতে গিয়ে হাসিবুল নামের ওই ব্যক্তি ফোন চুরি করেন বলে অভিযোগ করেন মেরজন শেখের স্বজনেরা। পরে তাঁকে আজ বাজারে দেখতে পেয়ে ধাওয়া করতে গেলে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সম্ভবত হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।