নোয়াখালীতে বিয়েবাড়িতে কিশোরী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়েবাড়িতে কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মোহাম্মদ টিপুকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত মোহাম্মদ টিপু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁরা চট্টগ্রামে তাঁর অবস্থান শনাক্ত করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহবুবুর রহমান অভিযুক্ত টিপুকে ধরতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করেন। কিন্তু এরই মধ্যে টিপু চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে রওনা হয়। এ পরিস্থিতিতে তাঁরা তাঁকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বসুরহাট বাসস্ট্যান্ড থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে এ ঘটনায় তাঁর পরিবারের কেউ অভিযুক্ত নন বলে তিনি দাবি করেছেন। গ্রেপ্তার টিপুকে আজ দুপুর নাগাদ নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরী তার পরিবারের সঙ্গে একই উপজেলার এক আত্মীয়ের বিয়ের গায়েহলুদ অনুষ্ঠানে যায়। রাতে তার মা–বাবা মেয়েকে রেখে নিজেদের বাড়িতে ফিরে আসেন। এরপর রাত ১১টার দিকে তাদের দূরসম্পর্কের আত্মীয় মোহাম্মদ টিপু ওই কিশোরীকে কৌশলে বিয়েবাড়ির একটি পাকা ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত টিপু, তাঁর মা–বাবাসহ চারজনকে আসামি করে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
থানা সূত্রে জানা গেছে, মামলার অপর তিন আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।