বগুড়ায় আরও একটি অবৈধ ক্লিনিক সিলগালা, দুই লাখ টাকা জরিমানা
বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় শহরের নারুলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নারুলী এলাকার রেড হার্ট ক্লিনিক ও হাসপাতালের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম ও অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ওষুধও পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদুল হক, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, রেড হার্ট ক্লিনিক ও হাসপাতালটি অনুমোদন ছাড়াই চলছিল। এ ছাড়া সেখানে দক্ষ জনবল ছাড়াই অবৈধভাবে রোগনির্ণয় কার্যক্রম চলছিল। সেখানে নিজস্ব কোনো চিকিৎসক ও দক্ষ নার্স ছিলেন না। এসব অপরাধে অর্থদণ্ড ছাড়াও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, রেড হার্ট ক্লিনিক ছাড়াও আজ শহরের মনোয়ারা ক্লিনিক, তিনমাথা এলাকার নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার এবং ছিলিমপুর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মালতিনগর এলাকার মা ও শিশু ক্লিনিক এবং বাদুরতলা এলাকার নিউ সততা ক্লিনিক ও হাসপাতালেও অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। অনুমোদন ছাড়াই দুটি প্রতিষ্ঠানে হাসপাতালের কার্যক্রম ও অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও ল্যাব সহকারী ছিলেন না। ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা অর্থদণ্ড ছাড়াও হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র সিলগালা করে দেন।