মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের জন্য উদ্বেগের নয়: শাজাহান খান
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আওয়ামী লীগের জন্য উদ্বেগের কিছু দেখছেন না দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের জন্য উদ্বেগের কারণ নয়। বরং যারা নির্বাচনে অন্তরায়, যারা সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের জন্য ভীতি ওই ভিসা নীতি।
সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ সড়ক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে তিনি বক্তব্য দিচ্ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন (বাবুল)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ংকর মানুষ। তাঁকে মার্কিন ভিসা দেওয়া হয়নি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক লোন, বীর নিবাস—এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মানবোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায়, যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’
শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে বলে জানান শাজাহান খান। তিনি বলেন, ‘ঢাকায় হবে জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকল সড়ক, রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধাদের ও শহীদদের নামে নামকরণ হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তি কুন্ডু, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম আমিনুল হক প্রমুখ।