নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীকে চিকিৎসা দেওয়ার অভিযোগে সেই বেসরকারি অ্যাম্বুলেন্সচালক আমজাদ হোসেনের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নাটোর সদর আমলি আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. আবু সাঈদ। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি গ্রেপ্তারি পরোয়ানায় সই করেন।
৫ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘চিকিৎসা দিলেন অ্যাম্বুলেন্সচালক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তিনি এ আদেশ দেন। আমজাদ হোসেন (৩৪) লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিচারকের দেওয়া আদেশের বরাত দিয়ে আদালতের স্টেনোগ্রাফার মো. শহিদুজ্জামান প্রথম আলোকে জানান, ৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আসে। বিচারক প্রতিবেদনগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারেন, ব্যক্তিমালিকানাধীন একটি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্টেথোস্কোপ লাগিয়ে একজন রোগীর রক্তচাপ পরীক্ষা করছেন। চিকিৎসক না হয়েও তিনি একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০–এর ২২ ও ২৮ ধারায় ফৌজদারি অপরাধ করেছেন। যার শাস্তি তিন বছর করে কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
সার্বিক পর্যালোচনায় ও ন্যায়বিচারের স্বার্থে আদালত গতকাল সন্ধ্যায় অ্যাম্বুলেন্সচালক আমজাদ হোসেনের বিরুদ্ধে অপরাধ আমলে নেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। ১৯ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত পরোয়ানা তামিলের বিষয়ে পুলিশকে ওই দিন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালত একই আদেশে এ মামলায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম ও প্রথম আলোসহ পাঁচটি পত্রিকার সাংবাদিকদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। তবে সাক্ষ্য দেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান গতকাল রাতে বলেন, আদালতের লিখিত আদেশ তাঁর হাতে পৌঁছায়নি। তবে আদেশ অবহিত হওয়ার পর থেকে পুলিশ অ্যাম্বুলেন্সচালক আমজাদ হোসেনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।