পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের ধাক্কা, আহত ১০
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের ধাক্কায় লঞ্চের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।
লঞ্চের যাত্রীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হন। তাঁদের কেউ হাতে-পায়ে আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এ সময় দুই যাত্রী নদীতেও পড়ে যান। তবে স্থানীয়দের সহযোগিতায় পরে তাঁরা লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগ।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ঈদের সময় হওয়ায় লঞ্চটি আটকে না রেখে বহরে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।