মধ্যরাতে রাজশাহীতে শুধু ‘মেসি, মেসি’ স্লোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকারে শট দেবেন আর্জেন্টিনার খেলোয়াড় গঞ্জালো মন্টিয়েল। এই শটে গোল হলে আর্জেন্টিনার কাছে কাপ, না হলে অনিশ্চিয়তা অথবা আরেকটু অপেক্ষা। মন্টিয়েলের পায়ের বল জালে জড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সমর্থকেরা। ৩৬ বছরের অপেক্ষার পর ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন আর্জেন্টিনার হাতে।

কাতারের মাঠে জয়ের উচ্ছ্বাসে কেঁদে ফেললেন মেসিরা, রাজশাহীতেও খুশিতে কাঁদলেন সমর্থকেরা। পরক্ষণেই রাজশাহীর আকাশে-বাতাসে আতশবাজির শব্দ। ঢাকঢোলের আওয়াজে মধ্যরাতে জমজমাট শহর। সমর্থকদের কণ্ঠে তখন শুধু ‘মেসি, মেসি’ আর ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগান।

মেসিদের জয়ে রাজশাহীতে কাঁদছিলেন শিক্ষার্থী দুলাল হোসেনসহ আরও অনেকে। আর্জেন্টিনার জার্সি পরা দুলালের চোখে টলমলে পানি। তিনি বললেন, ‘আমরা ইতিহাসের অংশ হয়ে রইলাম। ভামোস আর্জেন্টিনা। স্যালুট মেসি।’

রাজশাহীতে খেলা দেখানোর সবচেয়ে বড় আয়োজন করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে। মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার মানুষ জড়ো হয়েছিলেন মাঠে। খেলা চলাকালে শুরু থেকেই আর্জেন্টিনার ভালো খেলায় সমর্থকেরা হাততালি, নেচে-গেয়ে স্লোগানে মেতে ওঠেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মেসিদের শেষ ১৫ মিনিটে চাপে ফেলে দেয় ফ্রান্স। তখন ২-২ গোলে খেলা শেষ হয়। আবার ৩০ মিনিটের খেলায় শেষ দিকে আর্জেন্টিনার মেসি গোল করলে উল্লাসে ফেটে পড়েন দর্শক-সমর্থকেরা।

কিন্তু নাটক তখনো বাকি। ৩০ মিনিটের শেষ বাঁশি বাজার আগেই পেনাল্টি পেয়ে বসে ফ্রান্স। এবারও এমবাপ্পে ফ্রি-কিকে গোল করে বসেন। হতাশায় পড়ে যান আর্জেন্টিনার সমর্থকেরা। পরে টাইব্রেকারে কষ্টসাধ্য জয় পায় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ বলে স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে বের হতে থাকেন। বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে চারপাশ। বিক্ষিপ্ত মিছিলটি প্যারিস রোড হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একটি অংশ কাজলা হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে অন্যদের সঙ্গে মিলিয়ে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-বাকি বলেন, ‘আমাদের আর্জেন্টিনা জিতে গেছে। আমরা স্টেডিয়াম থেকে মিছিল নিয়ে বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছি। আমরা আর্জেন্টিনার জয়ে বড় ধরনের উদ্‌যাপন করব।’

এদিকে নগরের তালাইমারী এলাকায় বড় পর্দায় খেলা দেখা দর্শকেরাও মিছিল বের করেন। তাঁদের মিছিলের একটি অংশ নগরের সাহেব বাজারের দিকে যেতে থাকে। সেখানে আর্জেন্টিনার সমর্থক অনিক হাসান বলেন, ‘আজ রাত আর্জেন্টিনার সমর্থকদের। যত উল্লাস করা দরকার, আজ করব।’

নগরের সাধুর মোড়, টিকাপাড়া মোড়, রাজশাহী সিটি কলেজ, বেলদারপাড়া, সোনাদীঘি মোড়, বুধপাড়া—সর্বত্রই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। মধ্যরাতে সমর্থকদের হইহুল্লোড় পুরো শহরে ছড়িয়ে পড়ে। নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে সব সমর্থক একত্র হয়ে উল্লাস প্রকাশ করেন। কয়েক হাজার সমর্থক একত্র হয়ে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে স্লোগান দেন। অনেকে নেচে–গেয়ে আনন্দ প্রকাশ করেন। সেখানে মধ্য বয়সী অশোক কুমার সাহা বলেন, ‘আমি অনেক বছর আর্জেন্টিনাকে সমর্থন করি, আজ কাপ পেয়েছি। আমি খুব খুশি হয়েছি।’ অনামিকা সরকার নামের একজন বলেন, ‘আর্জেন্টিনাকে খোঁচানোর দিন শেষ। সত্যিই অসাধারণ খেলা হয়েছে।’ সেখানে ফ্রান্সের এক সমর্থক সোহেল হোসেন বলেন, ‘ব্রাজিল সমর্থন করি, এ কারণে ফ্রান্সের সমর্থক ছিলাম আজকে। কিন্তু মেসির হাতে বিশ্বকাপ দেখে ভালো লাগছে।’

নগরের বেলদারপাড়া ও সোনাদীঘি মোড়ে খেলা দেখেছেন রাজশাহী কলেজ শিক্ষার্থী সাব্বির খান। তিনি বলেন, ‘এমন বিশ্বকাপ আর একটাও দেখা যাবে না। এত উত্তেজনা একটি খেলায় থাকতে পারে! বিশ্বকাপের ফাইনাল খেলার মধ্যে সেরা ফাইনাল হয়ে থাকবে এটি।’

খেলা শেষ হওয়ার অনেক পর নগরের বুধপাড়া এলাকার সমর্থকেরা ঢাক, ঢোল, বাঁশি বাজিয়ে রাস্তায় বের হন। আর্জেন্টিনার বড় একটি পতাকা নিয়ে ছোট-বড় সবাই সেই মিছিলে শামিল হন। মিছিলে থাকা জাহিদুল ইসলাম বলেন, ‘খেলা হবে, খেলা হয়েছে। আর্জেন্টিনা জিতে গেছে। এমন খেলা জীবনেও দেখিনি। আত্মায় পানি ছিল না।’