রংপুরে যুবককে গলা কেটে হত্যা, মরদেহ মিলল নির্জন সড়কে
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবু বক্কার সিদ্দিক (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর তাঁর মরদেহ একটি নির্জন সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান সিদ্দিক। বাজারটির পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম। রাত নয়টার দিকে স্বজনেরা খবর পান, চরচতুরা গ্রামের একটি নির্জন সড়কে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় ও মুখে কুপিয়ে এবং গলা কেটে ফেলে রাখা হয়েছে। পরে খবর পেয়ে হারাগাছ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, আবু সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।