যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, এক ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক
যশোর রেলওয়ে জংশনে একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘণ্টাখানেক পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি ৩ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ সময় জংশনের ১ নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেস খুলনার দিকে পাঠিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান প্রথম আলোকে বলেন, ১ নম্বর লাইনটি চালু করে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে লাইনচ্যুত ট্যাংকারটি উদ্ধার করে লাইনে নেওয়ার জন্য খুলনা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন যাত্রা শুরু করেছে।