গাজীপুরে নিরাপদ আবাসনকেন্দ্র থেকে বাক্‌প্রতিবন্ধীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্র থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণীর নাম মোছা. মিতু (২২), তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। আবাসনকেন্দ্রেও তাঁর কোনো পরিচয় ছিল না।

মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্রটি গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায়। পুলিশ এবং ওই হেফাজতকেন্দ্র সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন মোতাবেক ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে ওই কেন্দ্রে নিবাসী হিসেবে ছিলেন ওই তরুণী। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ওই কেন্দ্রের তৃতীয় তলায় টয়লেটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

কেন্দ্রটির কয়েকজন নারীর বরাতে পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে টয়লেটের দরজা বন্ধ থাকায় কেন্দ্রের অন্য নারীরা দরজা খুলে ওই তরুণীর লাশ দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানান তাঁরা। পুলিশ নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে ওই কেন্দ্রে একাধিক আত্মহত্যা এবং অনেকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, নিহত কিশোরীকে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ওই তরুণীকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তিনি বাক্‌প্রতিবন্ধী ছিলেন। কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন। তাঁর চিকিৎসা করানো উদ্যোগ নেওয়া হয়েছিল।

মিতুর লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুর রহমান মোল্লা।