সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

নিহতপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।

মেহেদী হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেহেদী উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান মালামাল ওঠানো–নামানোর কাজ করেন থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি গাড়ি থেকে সিলিন্ডার নামানোর কাজ করছিলেন। এ সময় একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার উপপরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।