চুয়াডাঙ্গায় বাউলদের ওপর একের পর এক হামলা, পান না বিচার
চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় গত সাত বছরে বাউলদের চারটি আখড়ায় হামলা, অগ্নিসংযোগ, এমনকি বাউল–ফকিরদের চুল কেটে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বেলগাছি শেওড়াতলা মাঠে বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত ১ বাউল সংগঠক নিহত ও ৯ বাউল আহত হয়েছেন। হতাহতের ঘটনায় দায়ের করা তিনটি মামলার কোনো গতি হয়নি। দুটি মামলায় পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করলেও শেষ পর্যন্ত আপস করতে বাধ্য হয়েছেন বাউলেরা।
জানতে চাইলে জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন শাহ প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চাপে বাউলেরা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আপস করতে বাধ্য হয়েছেন। অতীতের ঘটনাগুলোর সঠিক তদন্ত ও প্রকৃত হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সর্বশেষ বেলগাছির ঘটনা ঘটত না বলে মনে করেন মুসলিম উদ্দিন শাহ।
বেলগাছি শেওড়াতলা মাঠে বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৯ ফেব্রুয়ারি আখড়ার সভাপতি আবদুর রাজ্জাক ফকির বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। আবদুর রাজ্জাক আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, গত রোববার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জেলায় গত সাত বছরে বাউলদের ওপরে চারটি হামলার বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বিগত সময়ে বাউল আখড়ায় হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা নেই। সেভাবে কেউ জানাননি।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বেলগাছির ঘটনায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্তাধীন। আখড়া বাড়ির অবস্থানগত পরিবেশ, বাউলদের মধ্যে মতবিরোধ, স্থানীয় যুবকদের বনভোজন ও নির্মাণাধীন একটি ধর্মীয় প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে।
বাউল সংগঠক জাকারিয়া হত্যা মামলা
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের বাউল সংগঠক জাকারিয়া হোসেন ২০১৫ সালের ১০ ডিসেম্বর রাতে নিজ গ্রামের গুচ্ছপাড়ায় ওরস ও বাউলগানের আসরে যাচ্ছিলেন। পথে রাতে সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর বড় ভাই মো. কিবরিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ওই বছরের ১৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। এ মামলার সর্বশেষ পরিস্থিতি জানে না পরিবার।
জাকারিয়া হোসেনের স্ত্রী সালমা প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা বলেছিলেন, মামলার দিনক্ষণ আদালত থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু ছয় বছরেও কিছুই জানতে পারেননি। তবে প্রধান তিন আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন।
ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকুন্দবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে কেতু (৩৫) ও মৃত সাদেক আলীর ছেলে বাক্কা (৩২) এবং মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হামিদের ছেলে মোক্তারের (৩৫) সঙ্গে জাকারিয়ার বিভিন্ন বিষয়ে শত্রুতা ছিল। তাঁরা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় হাঁসুয়া, চায়নিজ কুড়াল ও ভুজালি দিয়ে তাঁর ভাইকে হত্যা করেন। মামলার এজাহারভুক্ত আসামি কেতু, বাক্কা ও মোক্তার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও বিল্লাল হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
জীবননগরে চাপে আপস
২০১৬ সালের ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে জেলার জীবননগর উপজেলার একতারপুরে আখড়ায় ঘুমিয়ে থাকা বাউলদের ওপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় কুষ্টিয়ার মিরপুর শোরুদা গ্রামের আবদুর রহিম শাহ (৬৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫৫) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রুশিয়া খাতুন (৪৫) গুরুতর আহত হন।
এ ঘটনায় বাউল শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে পরের দিনই জীবননগর থানায় মামলা করেন। আরিফুল ইসলাম (২২), শাহেদ আলী (৩০) ও জামাত আলী (৪২) নামের জামায়াতা-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চাপে আপস করে নেন বাউলেরা। পরে আপসনামা আদালতে দাখিল করার পর আসামিরা ছাড়া পান।
জীবননগর উপজেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন শাহ বলেন, ‘এসব ঘটনায় নানা রকম চাপে আসামিগের সঙ্গে আপস করে নিতি হয়েচে।’
দামুড়হুদায়ও আপসে বাধ্য
একই বছরের ২৯ জুলাই দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালায় দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর বাউল জুলমত শাহর আখড়া বাড়িতে। দুর্বৃত্তরা জুলমত শাহ (৬৫), তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৫৫) ও গুরুভাই হরেন্দ্রনাথ গুসাঁইকে (৬৮) গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এরপর জুলমত ও হরেন্দ্রনাথের চুল কেটে দেয়। একপর্যায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাঁদের দুটি ঘর।
জুলমত শাহ বাদী হয়ে ওই বছরের ৩০ জুলাই দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। ১ আগস্ট পুলিশ দামুড়হুদা উপজেলার মদনা থেকে আলাউদ্দিন (২৫) ও নাসির উদ্দিন ওরফে কালু (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু চাপের কারণে বাউল জুলমত শাহ মামলা আপস করে নেন।
দামুড়হুদা উপজেলা বাউল কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক নজরুল ভান্ডারী বলেন, ‘আপস না করলি নেতা-গুতারা আমাগের ভিটেছাড়া করত।’ নেতাদের নাম জানতে চাইলে তিন বলেন, ‘নাম বুলা যাবে না। তেবে, আমরা যাঁদের ভোট দিই তাঁরাই আপস করিয়েচে।’
একের পর এক হামলার ঘটনায় আপসের প্রসঙ্গ উঠতেই জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, আর আপস নয়। এবার অপরাধী ও তাঁদের মদদদাতাদের মুখোশ খুলে দেওয়া হবে।