গভীর রাতে গলা কেটে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
গাজীপুরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আরজিনা লিজা (৩০)। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামী মাসুদ রানাও একই এলাকার বাসিন্দা। এই দম্পতি বাইমইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাইমাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে মাসুদ রানা রংমিস্ত্রি ও আরজিনা পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ধারালো চাকু দিয়ে আরজিনার গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ভোরে ওই বাড়ির অন্যান্য লোকজন আরজিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে আবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহত গৃহবধূর স্বামী মাসুদ রানা পলাতক। ধারণা করা হচ্ছে, কোনো কারণে মাসুদ রানা তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন।
এসআই মাইকেল বণিক আরও বলেন, নিহত গৃহবধূর গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।