সৈয়দপুরে সংসদ সদস্য আদেলুরকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাঁর দলের স্থানীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এ সিদ্ধান্ত নেন তাঁরা। আদেলুর নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য।

জাতীয় পার্টির স্থানীয় নেতা–কর্মীদের অভিযোগ, আদেলুর সৈয়দপুর উপজেলায় উন্নয়নে বৈষম্য করছেন এবং নানা দুর্নীতির সঙ্গেও তিনি সম্পৃক্ত।

তবে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষিত হওয়ার বিষয়টি জানেন না দাবি করে আদেলুর বলেন, ‘আমি এসবের কিছু জানি না। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।’

আদেলুরকে অবাঞ্ছিত ঘোষণা করার সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক ফয়সাল দিদার, শফিউল আলম, শামসুদ্দীন অরুণ, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন, আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খান প্রমুখ।

এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, ‘আসলে এরূপ সিদ্ধান্ত আমরা বাধ্য হয়ে নিয়েছি। কারণ, সৈয়দপুর নিয়ে এমপির কোনো উন্নয়ন কার্যক্রম নেই। এর আগেও কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে তার দুর্নীতি প্রকাশ পেয়েছে। তা ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সৈয়দপুরে তিনি কোনো উন্নয়ন করেননি। ফলে জনসাধারণের কাছে আমরাও প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তা ছাড়া তাঁকে স্থানীয় অফিসে কিংবা দলের কোনো সভায় সহজে পাওয়া যায় না।’