খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্বজনদের দাবি ওই লাশ নিখোঁজ কলেজছাত্র হৃদয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ কলেজছাত্র হৃদয় কবিরাজ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় খাল থেকে আজ শুক্রবার প্রায় অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে লাশটি সম্প্রতি নিখোঁজ হওয়া কলেজছাত্র হৃদয় কবিরাজের (২২) লাশ বলে দাবি করছেন তাঁর স্বজন ও স্থানীয় লোকজন।

আজ সকালে ছহির উদ্দিন বিশ্বাস বাড়ির কাছে বাউফল-নওমালা খাল থেকে অর্ধগলিত ওই লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত লাশটি খালের মধ্যে ছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুটি দল প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, স্বজনদের দাবি ও কিছু আলামত থেকে আপাতত লাশটি কলেজছাত্র হৃদয়ের বলেই মনে হচ্ছে। ইতিমধ্যে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরপরও লাশের পরিচয় নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হবে এবং ময়নাতদন্ত করা হবে।

নিখোঁজ হৃদয় কবিরাজ উপজেলার নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র।

হৃদয়ের চাচা বিমল কবিরাজ সাংবাদিকদের বলেন, এই লাশ আর কারও না, তাঁর ভাতিজা হৃদয়ের। খুনিরা তাঁর ভাতিজা হৃদয়কে মেরে খালের মধ্যে ফেলে রেখেছে।

হৃদয় কবিরাজ উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা হরেন্দ্র নাথ কবিরাজের ছেলে। তিনি উপজেলার নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র। ৯ জুলাই সপ্তম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ওই পরীক্ষায় হৃদয় অংশ নিয়েছিলেন। দুই ভাই-বোনের মধ্যে হৃদয় বড়। বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, হৃদয় ১১ জুলাই সন্ধ্যার আগমুহূর্তে মোটরসাইকেল নিয়ে বের হন। বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় ওই দিন রাত পৌনে ১২টার দিকে তাঁর বাবা হরেন্দ্র নাথ ছেলেকে মুঠোফোনে কল করে বাড়ি ফেরার জন্য তাগাদা দিলে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন বলে হৃদয় জানান। কিন্তু ওই রাতে হৃদয় বড়ি ফেরেননি। পরে ওই রাতে একাধিকবার কল করলে হৃদয়ের ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন সকাল নয়টার দিকে হৃদয় তাঁর মুঠোফোন নম্বর থেকে বাবা হরেন্দ্র নাথের মুঠোফোনে কল করে জানান, তিনি পটুয়াখালী আছেন। এরপর আর হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ ঘটনায় হৃদয়ের বাবা হরেন্দ্র নাথ কবিরাজ ১৩ জুলাই বাউফল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। হরেন্দ্র নাথ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘সর্বশেষ যখন হৃদয়ের সঙ্গে কথা হচ্ছিল, তখন হৃদয় কোনো কক্ষের মধ্যে আটকা ছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কারণ, হৃদয়কে পাশ থেকে কেউ “পটুয়াখালী আছে” বলতে বলছে, তা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম।’ তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার একমাত্র ছেলে ছাড়া কীভাবে বাঁচব...।’