বরিশালে অভিনব কায়দায় ৩৫ লাখ টাকার মুঠোফোন লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মুঠোফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নগরের জীবনানন্দ সড়কে
ছবি: প্রথম আলো

বরিশাল নগরের জীবনানন্দ সড়কের (বগুড়া সড়ক) জননী মোবাইল শপ নামের একটি দোকানের শাটার ভেঙে এক ঘণ্টা ধরে লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

দোকানটির মালিক জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, প্রায় ৩৫ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে গেছে চোরেরা।’

দোকানটির সামনে ও ভেতরে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দোকানের সামনে সাত থেকে আটজন যুবক ঘোরাঘুরি করছেন। কিছুক্ষণ পর তাঁরা একটি বিছানার চাদর মেলে ধরে দোকানের শাটারটি আড়াল করেন। এ সময় ছাতা হাতে আরেকজনকে চারপাশে নজরদারি করতে দেখা যায়। বাইরের কেউ যাতে বিষয়টি দেখতে না পায়, সে জন্য এমন পন্থা অবলম্বন করে চোরেরা। এরপর শাটার ভেঙে দোকানটির ভেতরে ঢোকেন দুই যুবক। তাঁরা দোকানের ভেতরে তাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন লুটপাট করেন। সকাল ৬টা ৫৪ মিনিটে চুরি শেষে মালামাল নিয়ে দোকানটি ত্যাগ করে চোরের দল।

দোকানটির মালিক ও কর্মচারীরা জানান, গতকাল বুধবার রাত ১০টায় তাঁরা দোকান বন্ধ করে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখেন, দোকানের শাটারের তালা নেই। এরপর তাঁরা দ্রুত দোকানে ঢুকে দেখেন, তাকগুলো ফাঁকা এবং মালামাল ছড়ানো-ছিটানো। পরে তাঁরা বিষয়টি ফোনে মালিককে জানান এবং বরিশাল কোতোয়ালি মডেল থানায় খবর দেন। কর্মচারীরা বলেন, মাত্র ৫৪ মিনিটে সাতটি ব্র্যান্ডের অন্তত ৩৫ লাখ টাকার ফোন চুরি করে নিয়ে গেছে।

প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আগেও এমন অভিনব কায়দায় বেশ কয়েকটি দোকান চুরির ঘটনা ঘটেছে। এবার আমার দোকানে হলো। যত দ্রুত সম্ভব তাঁদের আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি।’

এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোকানটি পরিদর্শন করেছেন। দোকানটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এসব দেখে চোর চক্রকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত তাঁদের আইনের আওতায় আনা হবে।

দিনের বেলা নগরের ব্যস্ততম সড়কে এমন অভিনব চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, গত এক বছরে এমন অন্তত পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।