কারা নিয়োগ পাবেন, জানা ছিল আগেই, শুধু শুধু ‘নিয়ম রক্ষার পরীক্ষা’

জয়পুরহাটের গতন শহর দেওয়ানে নোমানিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার সময় অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন। গতকাল শনিবার দুপুরেছবি: সংগৃহীত

‎নিয়োগ পরীক্ষা তখনো শুরু হয়নি। মাদ্রাসার বাইরে জড়ো হয়ে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। এ সময় দুই কর্মচারী পদে কারা নিয়োগ পাচ্ছেন, তা-ও জানালেন। অভিযোগ করলেন, পরীক্ষা হবে শুধু নিয়ম রক্ষার জন্য, নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে আগেই। পরীক্ষা শেষে বিকেলে ফল প্রকাশের পর দেখা গেল, সেই দুই প্রার্থীই নিয়োগ পেয়েছেন।

গতকাল শনিবার ‎জয়পুরহাট সদর উপজেলার গতন শহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে। যে দুজন নির্বাচিত হয়েছেন, পরীক্ষার আগেই তাঁদের নিয়োগ পাওয়ার বিষয়টি জানিয়ে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনার পর নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এটি নিয়ম রক্ষার নিয়োগ পরীক্ষা। শাওন হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আগেই চূড়ান্ত করা হয়েছে।
সালমান বিন মৃদুল, স্থানীয় বাসিন্দা

মাদ্রাসা সূত্র ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি পদে একজন করে নিয়োগ দিতে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে মোট ১১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাইয়ে তিনজনের আবেদনপত্র বাতিল হয়। বাকি আটজন প্রার্থীকে নিয়ে গতকাল দুপুরে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ‎পরীক্ষা শুরুর আগে স্থানীয় কয়েকজন মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিচ্ছন্নতাকর্মী পদে শাওন হোসেন ও অফিস সহায়ক পদে আবদুল্লাহ আল মামুন নিয়োগ পেতে যাচ্ছেন বলে তাঁরা জানান।

স্থানীয় সালমান বিন মৃদুল পরীক্ষা শুরুর আগে সাংবাদিকদের বলেন, ‘এটি নিয়ম রক্ষার নিয়োগ পরীক্ষা।’ তাঁর অভিযোগ, শাওন হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আগেই চূড়ান্ত করা হয়েছে।

নিয়োগ পাওয়া শাওন হোসেন পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেনের ভাই এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের চাচা। আর আলমগীরের আপন ভাই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া। তিনিই নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটি ও নিয়োগ বোর্ডের সভাপতি গোলাম কিবরিয়া নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও সুন্দরভাবে শেষ হয়েছে বলে জানান। আত্মীয়কে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘একজন আমার চাচা হন।’

‎বিকেলে ফলাফল ঘোষণার পর পরিচ্ছন্নতাকর্মী পদে শাওন হোসেন ও অফিস সহায়ক পদে আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হন। ‎স্থানীয় মোস্তাক হোসেন, আবু সুফিয়ান ও জুয়েল হোসেন বলেন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের নিয়োগ দেওয়ায় তাঁরা বিক্ষোভ করেন।

মাদ্রাসা পরিচালনা কমিটি ও নিয়োগ বোর্ডের সভাপতি গোলাম কিবরিয়া নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও সুন্দরভাবে শেষ হয়েছে বলে জানান। আত্মীয়কে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘একজন আমার চাচা হন।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুস ছালাম। তিনি প্রথম আলোকে বলেন, সব নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে। ২টি পদে ১১ জন আবেদন করেছিলেন। যাচাই-বাছাইয়ে তিনজন বাদ পড়ার পর আটজন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পরিচ্ছন্নতাকর্মী পদে শাওন হোসেন ও অফিস সহায়ক পদে আবদুল্লাহ আল মামুন উত্তীর্ণ হয়েছেন। ‎পরীক্ষা শুরুর আগেই তাঁদের বিষয়টি জানাজানি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা কাকতালীয় ঘটনা।’