হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী পৌর এলাকার মাটিয়া মসজিদ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম মুহাম্মদ সায়মন আল সাবিদ (১৫)। সে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা গ্রামের মুহাম্মদ ইলিয়াছের ছেলে। সায়মন আল সাবিদ উপজেলার কাটিরহাট মফিজুল ইসলাম ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল হাটহাজারী পৌর এলাকায় সায়মন প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার জন্য সায়মন চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা ফটিকছড়ির নাজিরহাটগামী একটি ট্রেনে ওঠে।
স্থানীয় সরকারহাট স্টেশনে তার নামার কথা ছিল। তবে মাটিয়া মসজিদ রেলক্রসিং এলাকায় ট্রেনটি পৌঁছানোর পর অসাবধানতাবশত সায়মন ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সায়মনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।