জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীর জগন্নাথগঞ্জ পুরোনো জেটিঘাট এলাকায় অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। এ কারণে সড়ক ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে বালু তোলা অব্যাহত রাখায় যমুনা নদীর পূর্ব তীর সংরক্ষণ বাঁধ ও যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের জেটিঘাট হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারা ছাড়াই জগন্নাথগঞ্জ পুরোনো জেটিঘাট এলাকার ৫০০ মিটারে যমুনা নদীর পূর্ব তীরে সাত থেকে আটটি খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। প্রতিদিন শত শত ট্রাকে এ বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরোনো জেটিঘাট এলাকায় যমুনা নদীর বিশাল চর জেগে উঠেছে। দীর্ঘদিন ধরে আওনা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে ফরহাদ, শাহা জামাল, ফজু, বিজু মেম্বার হায়দর আলী, বাবলু, বাবু, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার যমুনা নদীর জেগে ওঠা চর থেকে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে পাকা সড়কের পাশে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে। প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকায়। ট্রাকে করে এসব বালু জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। বালু উত্তোলন করায় ফসলি জমি ও পাকা সড়ক নষ্ট হচ্ছে। শত শত বালুবাহী ট্রাক চলাচল করায় কুলপাল থেকে যমুনা সার কারখানা জেটিঘাট পর্যন্ত দেড় কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্তু হয়েছে। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
স্থানীয় লোকজন বলেন, এভাবে বালু উত্তোলন করা হলে তারাকান্দি-ভূঞাপুর সড়ক বাঁধ, আওনা ইউনিয়ন পরিষদসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সড়কবাঁধটি ভেঙে গেলে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ হয়ে যাবে। বালু তোলায় ১৫–২০ বিঘা ফসলি জমির ক্ষতি হয়েছে।
কুলপাল গ্রামের কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘যমুনা নদীর জেগে ওঠা চরে আমরা ফসল আবাদ করেছি। যুবলীগের লোকজন জোরপূর্বক ড্রেজার মেশিন বসাইয়া বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা কী কইরে খামু। অভিযোগ দিয়েও কাজ হয় না।’
খননযন্ত্রের মালিক শাহা জামাল বলেন, ‘সবাই বালু তুলে তাই আমিও তীর থেকে বালু তুলি। এ বিষয়ে আপনাদের সঙ্গে রহিম ভাই কথা বলবে।’
অবৈধভাবে বালু তোলার অভিযোগের বিষয়ে আওনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুর রহিম বলেন, ‘আমার কোনো মেশিন নাই। অন্যের মেশিন দিয়ে কিছু মোটা বালু উত্তোলন করছি। আমার নাম ভাঙিয়ে অনেকে নদী থেকে বালু উত্তোলন করে আসছে।’
সড়কে শত শত বালুবাহী ট্রাক যাতায়াত করায় বিসিআইসির নিজস্ব অর্থায়নে করা দুই কিলোমিটার পাকা সড়ক যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন বলেন, যমুনার পূর্ব তীর থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে পুরো ইউনিয়নই হুমকির মুখে পড়েছে। পাকা সড়কবাঁধটি রক্ষা করা না গেলে সরিষাবাড়ীর মানচিত্র থেকে আওনা ইউনিয়ন যমুনা নদীতে বিলীন হয়ে যাবে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, জেটিঘাট এলাকা থেকে বালু উত্তোলন করায় ঘাটটি হুমকির মুখে পড়েছে। সড়কে শত শত বালুবাহী ট্রাক যাতায়াত করায় বিসিআইসির নিজস্ব অর্থায়নে করা দুই কিলোমিটার পাকা সড়ক যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।