পিরোজপুরে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

পিরোজপুরে অবৈধভাবে পিস্তল রাখার দায়ে মো. শিপন সরদার (৪১) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. শিপন সরদার সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৪ নভেম্বর রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন অস্ত্র বিক্রেতা সাতক্ষীরা থেকে অস্ত্র নিয়ে পিরোজপুরে যাচ্ছেন। ডিবি পুলিশের দলটি শহরের বলেশ্বর সেতু এলাকার টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। রাত ৯টা ২০ মিনিটে শিপন সরদার বলেশ্বর সেতু পার হয়ে পিরোজপুর শহরে যাওয়ার সময় ডিবি দলের মুখোমুখি হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশ। শিপন সরদার পিস্তলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় ওই রাতেই জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে শিপন সরদারকে আসামি করে স্থানীয় থানায় অস্ত্র আইনে মামলা করেন। একই বছরের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বিশ্বাস আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) সরদার ফারুক আহমেদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির। তিনি বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।’