ঘুষ-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক কমিশনার, তবে ভুক্তভোগীদের মিলল না প্রতিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ শোনার জন্য বগুড়ায় গণশুনানির আয়োজন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে গণশুনানিতে অংশ নেওয়া বেশির ভাগ অভিযোগকারী সমস্যার কোনো প্রতিকার পাননি। তবে অনেক অভিযোগকারী তাঁদের অভিযোগের বিষয়ে সমাধানের প্রতিশ্রুতি পেয়েছেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণশুনানি সঞ্চালনা করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। গণশুনানিতে অভিযোগকারী, অভিযুক্ত কর্মকর্তা ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও মুখোমুখি করা হয়।

বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা শাহীন মাহমুদের বিরুদ্ধে জমির খারিজ নিষ্পত্তির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন রাবেয়া বেগম নামের এক নারী। তিনি অভিযোগে বলেন, একখণ্ড জমি খারিজের জন্য কয়েক মাস আগে ফাঁপোড় ইউনিয়ন ভূমি কার্যালয়ে গেলে শাহীন মাহমুদ তাঁর কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর অনেক কষ্টে তিনি ১০ হাজার টাকা জোগাড় করে ওই কর্মকর্তাকে দেন। তবে চাহিদা অনুযায়ী পুরো টাকা না দেওয়ায় তাঁকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে।

অভিযোগ শোনার পর দুদক কমিশনার রাবেয়া বেগমকে প্রশ্ন করেন, তাঁর কাছে ঘুষ লেনদেনের কোনো প্রমাণ আছে কি না। রাবেয়া বেগম বলেন, তিনি গ্রামের সহজ-সরল অশিক্ষিত নারী। ঘুষ লেনদেনের প্রমাণাদি তাঁর কাছে নেই। তবে ঘুষের অবশিষ্ট ২০ হাজার টাকা না দেওয়ায় মাসের পর মাস খারিজ আবেদন ঝুলে রাখা হয়েছে, সেটাই বড় প্রমাণ বলে দাবি করেন তিনি।

এ সময় অভিযুক্ত কর্মকর্তা শাহীন মাহমুদকে ওই নারীর মুখোমুখি করা হয়। তবে শাহীন মাহমুদ বলেন, ওই নারীকে তিনি চেনেন না। ওই নারী জমি খারিজের আবেদন নিয়ে কখনো তাঁর কার্যালয়ে আসেননি বলে দাবি করেন তিনি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর দুদকের কমিশনার মোজাম্মেল হক খান খারিজ আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য বগুড়া সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নাসিম রেজাকে নির্দেশ দেন।

বগুড়া শহরের ব্যবসায়ী আবদুল জলিল ভূঁইয়া অভিযোগ করে বলেন, তাঁর মালিকানাধীন একটি সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে তিনি ঋণ নিয়েছেন। কিন্তু খারিজের সময় জমির পরিমাণ কম লেখা হয়েছে। ভুল সংশোধনের জন্য তিনি ভূমি কার্যালয়ে ‘মিসড কেস’ করেছেন। কিন্তু এরপর কয়েক মাস পার হয়ে গেলেও মামলার শুনানি হচ্ছে না। এদিকে সম্পত্তি ব্যাংকে বন্ধক থাকায় এ ভুলের কারণে এখন তিনি ঋণখেলাপি হতে চলেছেন।

অভিযোগের বিষয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাসিম রেজা বলেন, শুনানির জন্য দুই দফা তারিখ দেওয়া হলেও দাপ্তরিক ব্যস্ততায় তা সম্ভব হয়নি। আগামী দুই মাসের মধ্যে শুনানি নিষ্পত্তি করা হবে।

তবে এ সময় অভিযোগকারীর আপত্তির মুখে দুদক কমিশনার এক মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেন।

দুদকের গণশুনানিতে অংশ নেওয়া বেশ কয়েকজন ভুক্তভোগী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়া কার্যালয়ের বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ করেন। সদরের দোবাড়িয়ার শাহিনুর ইসলাম বলেন, ২০২০ সালে লাইসেন্স ফি জমা দিয়েছেন, পরীক্ষায় উর্ত্তীণও হয়েছেন। কিন্ত মাসের পর মাস ঘুরেও আঙুলের ছাপ দিতে পারছেন না।

বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক এ টি এম মঈনুল ইসলাম গণশুনানিতে অংশ নিয়ে বলেন, একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০২১ সালের ৩০ জুনে চুক্তি শেষ হওয়ায় বেশকিছু সেবাপ্রত্যাশীর লাইসেন্সের কার্যক্রম ও টাকা আটকে গেছে। এ জন্য সেবাপ্রত্যাশীদের অনেকে দুর্ভোগের স্বীকার হচ্ছেন।

এ সময় দুদক কমিশনার বলেন, বেসরকারি আইটি প্রতিষ্ঠান সেবাপ্রত্যাশীর টাকা আটকে রাখলে এর দায় বিআরটিএ এড়াতে পারে না। এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও শহরের কাটনারপাড়ার বাসিন্দা আবদুল হাই চৌধুরী গণশুনানিতে অভিযোগ তুলে বলেন, তাঁর পৈতৃক সম্পত্তি জবর দখল করেছেন বগুড়া পৌরসভার কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ তাঁর আবেদন গ্রহণ করেননি। এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেও তিনি কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

ওই গণশুনানিতে কাউন্সিলর উপস্থিত থাকলেও দুদক কমিশনার মোজাম্মেল হক খান তাঁর কাছে কিছুই জানতে চাননি। তবে অভিযোগকারীর উদ্দেশে দুদক কমিশনার বলেন, জমি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা দুদকের কাজ নয়।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, গণশুনানির জন্য ৯৭টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৩৪টি অভিযোগ গণশুনানির জন্য উপস্থাপন করা হয়। এসব অভিযোগের সিংহভাগই ছিল সরকারি বিভিন্ন দপ্তর এবং দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, হয়রানি, দায়িত্বে অবহেলা, খারাপ আচরণ ও প্রতারণার অভিযোগ।

অনুষ্ঠান শেষে দুদক কমিশনার গণশুনানিতে অংশ নেওয়া সবার উদ্দেশে বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একাট্টা হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে রুখে দিতে হবে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে যেন সাধারণ মানুষ হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, দুর্নীতি যেন না হয়, সেই উদ্দেশ্যেই দুদকের পক্ষ থেকে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানি দ্বারা দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। গণশুনানিতে উঠে আসা ৯৮ শতাংশ অভিযোগের সমাধান হয়ে থাকে। আজকের এই গণশুনানিতে যেসব অভিযোগ এসেছে, সেগুলো খুব সাধারণ মানের। আরও গভীরে গিয়ে অধিকতর দুর্নীতির গুরুতর অভিযোগ প্রত্যাশা করেছিলেন তিনি।