রংপুর নগর
হাসপাতালের সামনে বাস থামিয়ে যাত্রী ওঠানামা
একটার পর একটা বাস সড়কের এক পাশ দখল করে দাঁড়িয়ে থাকায় যানজট হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যেতে পারছে না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। সড়কজুড়ে বাস দাঁড়িয়ে থাকায় সেখানে প্রতিনিয়ত যানজট হচ্ছে। ফলে সাধারণ মানুষ ও হাসপাতালের রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ হাসপাতালের প্রধান ফটক থেকে ১০ মিনিটের দূরত্বে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ও কেন্দ্রীয় কারাগারের সামনে বাসগুলো দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার উদ্দেশে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো সেখানে থামছে। একটার পর একটা বাস সড়কের এক পাশ দখল করে দাঁড়িয়ে থাকায় যানজট হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যেতে পারছে না।
রংপুর থেকে প্রতিদিন নীলফামারীর সৈয়দপুর যাতায়াত করেন উন্নয়নকর্মী কায়সার আহমেদ। কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে না গিয়ে মেডিকেল মোড়ে কেন বাসে ওঠেন, জানতে চাইলে তিনি বলেন, বাসস্ট্যান্ডে গিয়ে বাস ধরতে একটু ঘুরে যেতে হয়। আর খুব সহজে মেডিকেল মোড়ে বাস পাওয়া যায়, তাই এখান থেকেই ওঠেন। এ ছাড়া মেডিকেল মোড়ে অনেক রুটের বাস দাঁড়িয়ে থাকে, এটিও একটি সুবিধা। তাই বাসস্ট্যান্ডে যান না বাস ধরতে।
তৃপ্তি পরিবহনের সুপারভাইজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাস ছাড়ার নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডে যাত্রী কম পাওয়া যায়। আর মেডিকেল মোড়ে যাত্রীদের বাস ধরতে সুবিধা হয় বলে এখানে বাসগুলো দাঁড়ায়।
স্থানীয় ব্যক্তিরা বলেন, মেডিকেল মোড়ে আগে বাসস্ট্যান্ড ছিল। সেটা উচ্ছেদ করা হলেও ওই স্থান থেকে প্রায় ৩০০ গজ দূরে হাসপাতালের প্রধান ফটক ও কেন্দ্রীয় কারাগারের সামনে বাসগুলো দাঁড়াচ্ছে। ফলে দুর্ভোগ থেকেই গেল তাঁদের। অথচ এই মহাসড়কের পাশে লাগোয়া দুটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান আছে। প্রতিদিন সড়কে শত শত রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে।
মেডিকেল মোড়ের পাশের বাসিন্দা খন্দকার মারুফ ইলাহী বলেন, বহু বছর থেকে এই মেডিকেল মোড়ে অবৈধ বাসস্ট্যান্ড ছিল। গত দুই বছর আগে সেটি উচ্ছেদ করা হয়েছে। আবার রাস্তার মধ্যেই বাসের জটলা। কোনো পরিবর্তন হলো না।
এদিকে মেডিকেল মোড়ের পাশে শতাধিক ওষুধের দোকান আছে। আরও আছে খাবারের দোকান এবং শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেখানে অনেক প্রাইভেট কার, অটোরিকশা ও ইজিবাইক দাঁড়িয়ে যাত্রীদের নামাচ্ছেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, মেডিকেল মোড়ের বাসস্ট্যান্ডটি এখন নেই। যাত্রী ওঠানামা করতে গেলে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যেতে হবে। আর কোনো বাসের চালক এটি করে থাকলে দায় ওই চালকের। মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বলেন, ৩১ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হলো। কিন্তু সেখান থেকে বাসে যাত্রী ওঠানামা খুব কম হয়। কেন্দ্রীয় কারাগার ও মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে চলে যাত্রী নিতে বাসের প্রতিযোগিতা। এ থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে ট্রাফিক পুলিশকে ভূমিকা রাখতে হবে।
রংপুর মহানগর ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক বেলাল হোসেন বলেন, ২০২০ সালে মেডিকেল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। এখন নতুন করে আবার কারাগারের সামনে মহাসড়কে বাসগুলো দাঁড়ায়। আবার তাঁরা অভিযান চালাবেন।