ফেনীতে আ.লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে পেট্রল ঢেলে আগুন

ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন জ্বলছে। আজ ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামেছবি: ভিডিও থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।

আগুন দেওয়ার এ ঘটনার একটি ভিডিও আজ সকালে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রহিম উল্লাহ দোতলা বাড়ির কয়েকটি কক্ষ এবং বাড়ির সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে আগুন জ্বলছে। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে নারী ও পুরুষের চিৎকারের শব্দ শোনা যায়।

বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ভোররাতে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী অজ্ঞাতনামা ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তাঁরা বাড়ির দরজা ভেঙে ভেতরের মালামাল ভাঙচুর করেন। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির মূল্যবান কিছু মালামাল লুট করে নিয়ে যান। পরে তাঁরা পেট্রল ঢেলে বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।

বাড়িতে আগুন দেওয়ার পর এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। আজ ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে
ছবি: ভিডিও থেকে নেওয়া

আগুনের বিষয়ে জানতে চাইলে সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে মাঝপথে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে তাঁরা আর ঘটনাস্থলে না গিয়ে ফিরে আসেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ঘরে থাকা খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। পিকআপের সামনের অংশও পুড়ে যায়। তবে ঘর থেকে মালামাল লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের একটি সূত্র জানায়, গত বছর ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র‍্যাব (বর্তমানে এসআরবি)। পরদিন ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ফেনীর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।

এদিকে চলতি বছরের ১১ নভেম্বর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিজয়ী হন।