শরীয়তপুর
গাছের ছায়ায় দেয়ালে কবিতা ও মুক্তিযোদ্ধার স্মৃতি
‘যোদ্ধার কলম’ নামে দেয়ালের রয়েছে ৫০ বীর মুক্তিযোদ্ধার হাতে লেখা মুক্তিযুদ্ধের স্মৃতি।
পথচারীরা হেঁটে যাওয়ার সময় ক্লান্তি বোধ করলে গাছের ছায়ায় বিশ্রাম নেন। সেখানে পড়তে পারেন কবিতা ও মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস। ক্লান্তি দূর করে প্রশান্তি নিয়ে সেখান থেকে ফিরতে পারেন। এমনই পরিবেশ তৈরি করা হয়েছে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে সড়কের পাশে।
সদর উপজেলা পরিষদের দক্ষিণ প্রান্তে তিন একর জমির ওপর একটি পুকুর রয়েছে। এর চারদিকে সরকারি বিভিন্ন দপ্তর। দক্ষিণ প্রান্তে নির্মাণ করা হচ্ছে মিলনায়তন। পুকুরের পাড়গুলো সড়ক হিসেবে ব্যবহার করেন এলাকাবাসী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সেবা গ্রহীতারা। এ ছাড়া শহরের অনেকে সেখানে সকাল-সন্ধ্যা হাঁটাহাঁটি করেন। শহরের ভেতর পার্ক না থাকায় অনেকে শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা পরিষদের পুকুরপাড়ে সময় কাটান।
গত আগস্টে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে সড়কের পাশে ‘কবিতা ও যোদ্ধার কলাম’ নামে দেয়াল নির্মাণ করা হয়। কাব্যমায়া দেয়ালে রয়েছে ১৩৬টি কবিতা। ‘যোদ্ধার কলম’ নামে আরেকটি দেয়ালের রয়েছে ৫০ বীর মুক্তিযোদ্ধার হাতে লেখা মুক্তিযুদ্ধের স্মৃতি। সদরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইয়ের উদ্যোগে এ দেয়াল নির্মাণ করা হয়। কবিতার দেয়ালে দেশের খ্যাতনামা কবি ও স্থানীয় কবিদের ১৩৬টি কবিতা স্থান পেয়েছে। ইটের দেয়ালে পাথর বসানো হয়েছে। সেই পাথরের মধ্যে কবিতা লেখা। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ, মঠসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। এর পাশে আরেকটি দেয়ালে ৫০ মুক্তিযোদ্ধা স্বহস্তে তাঁদের যুদ্ধের নানা গল্প ও স্মৃতি লিখেছেন।
যোদ্ধার কলম নামের দেয়ালে বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সি লিখেছেন, ১৯৭১ সালের মে মাসের দিকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যাওয়ার সময় যশোরে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে। এক সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে মারা যান। কোলের ওপর তাঁর রক্তাক্ত দেহ নিয়ে বসেছিলেন। অন্তিমকালে পানি চেয়ে চিৎকার দিলেও তাঁকে পানি দিতে পারেননি। এই স্মৃতি তাঁকে তাড়া করে ফেরে। ওই স্মৃতি স্মরণ করে তিনি চোখের পানি ফেলেন।
জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, সুকুমার রায় ও ফকির লালন শাহর কবিতা ও গানের পাশাপাশি স্থানীয় কবিদের কবিতা দেয়ালটিতে স্থান পেয়েছে। স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি মেহেদী মিজান বলেন, ‘কবিতা-সাহিত্যচর্চায় মানুষ এখন সময় দিতে চান না। এমন একটি সময়ে সড়কের পাশে গাছের ছায়ায় কবিতা দিয়ে দেয়াল সাজানো হয়েছে।’
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল আজিজ সিকদার বলেন, নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের যুদ্ধের গল্প ও নানা স্মৃতি জানতে পারবে যোদ্ধার কলম নামের দেয়ালটির মাধ্যমে। তৃণমূলের মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ লেখেন না। তাঁদের অনেক স্মৃতি ও গল্প রয়েছে, যা বুকে চাপা রেখে বহন করে বেড়াচ্ছেন। এখানে অনেকে তাঁদের গল্প লিখেছেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, ‘যোদ্ধার কলম ও কাব্যমায়ায় সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাসের এক মেলবন্ধন সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিবেশ সংরক্ষণ করা হবে।’