ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুগঞ্জ উপজেলার নাওঘাট এলাকায় পৌঁছালে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকামুখী আপলাইনে চলন্ত অবস্থায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের রেলপথের আশুগঞ্জ উপজেলার আপলাইনে নাওঘাট এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলছে।

ট্রেনের লোকোমাস্টার ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১টা ৫০ মিনিটে দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেন। বেলা আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলার নাওঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার প্রায় আধা ঘণ্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেননি।

পরে বেলা তিনটার দিকে আপলাইনের পরিবর্তনে ডাউন লাইন দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন নাওঘাট এলাকা ধীরগতিতে অতিক্রম করে। এ সময় তিতাস কমিউটার ট্রেনের যাত্রীরা চট্টলা এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার সেখানে কিছুক্ষণ ট্রেন থামান। পরে তিতাস কমিউটার ট্রেনের অনেক যাত্রী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।

তিতাস কমিউটার ট্রেনের অনেক যাত্রী চট্টলা এক্সপ্রেসে উঠে গন্তব্যে গেছেন
ছবি: প্রথম আলো

বিসিএস পরীক্ষায় অংশ নিতে ঢাকা যাচ্ছিলেন তানজিলা আক্তার। তিনি তিতাস ট্রেন থেকে নেমে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। জানতে চাইলে তিনি বলেন, ‘কখন নতুন ইঞ্জিন আসবে, কখন ট্রেন চালু হবে, কেউই ঠিকঠাক বলছে না। তাই ওই ট্রেনে উঠে ঢাকায় যাব। কারণ আগামীকাল পরীক্ষা।’
স্কুলশিক্ষক জোনিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘এক ঘণ্টা ধরে ট্রেনে বসে আছি। আগামীকাল আমার বিসিএস পরীক্ষা। কী করব বুঝতে পারছি না।’

তিতাস কমিউটার ট্রেনের লোকোমাস্টার মাহমুদুন নবী বলেন, ‘ইঞ্জিন চালু করার চেষ্টা করছি। কিন্তু চালু হচ্ছে না। সব যন্ত্রাংশ পরীক্ষা করে দেখেছি। কিন্তু কাজ হচ্ছে না। আখাউড়া থেকে নতুন ইঞ্জিন পাঠানোর জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। ঘণ্টাখানেক সময় লাগবে।’

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তাই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপাতত চট্টগ্রাম ও সিলেট অভিমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করছে।