অবৈধ যানটিকে প্রায় ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রেন
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি লোকাল ট্রেন ও অবৈধ যানের (স্থানীয়ভাবে বাটাহাম্বার নামে পরিচিত) সংঘর্ষে রেলওয়ের কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সত্যজিৎপুর এলাকার একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাটাহাম্বারকে প্রায় ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি।
এ ঘটনায় রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের পাশে থাকা দুটি ভ্যান দুমড়েমুচড়ে যায় এবং একটি ছাগলের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে ছিল লোকাল ট্রেন ‘শার্টল’।
আহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার দৈশালা গ্রামের আছমত আলীর ছেলে রেলের কর্মচারী জুলহাস মোল্লা (৩২), পাংশা উপজেলার চৈতা গ্রামের বাসিন্দা ও বাটাহাম্বারের চালক খায়রুল ইসলাম (২৮) এবং চৈতা গ্রামের মসলেম সরদারের ছেলে বাটাহাম্বারের চালকের সহকারী রিহাদ সরদার (২৭)।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোমা প্রামাণিক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে খায়রুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রেনের যাত্রী আবু মুসা বিশ্বাস জানান, লোকাল ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহের উদ্দেশে যাচ্ছিল। পাংশার সত্যজিৎপুরের একটি অবৈধ রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটির সামনে একটি বাটাহাম্বার চলে আসে। এ সময় প্রায় ২০০ গজ দূরে টেনেহিঁচড়ে সামনের দিকে নিয়ে যায়। এ সময় পথের পাশে থাকা দুটি ভ্যান দুমড়েমুচড়ে যায় এবং একটি ছাগল মারা যায়। এ ঘটনায় ট্রেনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেনটি ওই জায়গায় দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিরা সেখানে ভিড় করেন।
শার্টল ট্রেনের পরিচালক রেজাউল করিম বলেন, ওই রেলগেটটি অরক্ষিত। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের একটি যন্ত্রাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু এ সময় ওই রেলপথে আর কোনো ট্রেন চলাচল না করায় শিডিউলে কোনো সমস্যা হয়নি। ঘণ্টাখানেক বন্ধ থাকলেও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।