সাতকানিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দোকান কর্মচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় এক যুবক মারা গেছেন। আজ রোববার সকালে সাতকানিয়া পৌরসভার সাতকানিয়া-বাঁশখালী সড়কের ডলু সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ আবু ছৈয়দ (৩২)। তিনি কক্সবাজারের রামুর গর্জনিয়ার মাঝিরপাড়া এলাকার মো. ইউনুচের ছেলে। তিনি ডলু সেতু এলাকায় একটি লোহার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

থানা-পুলিশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, আজ সকাল ১০টার দিকে আবু ছৈয়দ তাঁর মালিকের দোকান থেকে কিছু লোহার বার কাঁধে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁকে জোরে ধাক্কা দেয়। এতে আবু ছৈয়দ সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবু ছৈয়দকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ টি এম মনজুর মোর্শেদ বলেন, বেলা ১১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, দোকান কর্মচারী নিহত হওয়ার খবরটি তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধাক্কা দেওয়া ইজিবাইকটি জব্দ করে থানা-হেফাজতে রাখা হয়েছে।