জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মহসিনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম ওরফে হাবুলকে দল থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় দুই পক্ষের হাতাহাতি ও সভার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে মহসিন উল ইসলামকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘২৩ সেপ্টেম্বর বরিশাল নগরের সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য নাসরিন জাহান। ওই সভায় আপনি (মহসিন উল ইসলাম) সভাস্থলের নিচতলায় অবস্থান করে সভাটি বানচালের ইন্ধন জোগান। ওই সভায় আপনার অনুসারীরা সভার পরিবেশ বিনষ্ট ও সভার ব্যানার ছিঁড়ে ফেলার কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কাজ কেন দলীয় শৃঙ্খলাপরিপন্থী হবে না এবং এ জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় কমিটিকে জানাতে নির্দেশ প্রদান করা হলো।’

চিঠির বিষয়ে জানতে চাইলে মহসিন উল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এ–সংক্রান্ত একটি চিঠির কথা শুনেছি। তবে হাতে পাইনি। তবে ওই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা ছিল না।’ তিনি বলেন, ‘বর্তমান কর্তৃত্ববাদী সরকার জাতীয় পার্টিকে বিভক্ত করে আরেকটি একতরফা নির্বাচন করার পাঁয়তারা চালাচ্ছে। এ জন্য রওশন এরশাদের নেতৃত্বে দলের কতিপয় নেতা দলকে বিভক্ত করার জন্য মাঠে নেমেছেন। ওই দিন রওশন এরশাদের ছবি ব্যানারে দিয়ে বরিশাল জেলা জাতীয় পার্টির ওই সভা আহ্বান করা হয়েছিল। সেখানে ব্যানারে দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের কোনো ছবি ছিল না। এতে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন বলে শুনেছি।’

মহসিন উল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া জাতীয় পার্টির জেলা সদস্যসচিব এম এ জলিলকে ওই সভায় দাওয়াত দেওয়া হয়নি, এমনকি তিনি সভা সম্পর্কে কিছু জানতেনও না। ফলে এ নিয়েও ক্ষোভের সৃষ্টি হয় এবং সেখানে বিশৃঙ্খলা হয়েছে বলে আমি শুনেছি। তবে আমি সভায় যাওয়ার আগেই এসব ঘটনা ঘটে।’