ভোট ঘিরে ১৪ জেলায় ৪৬ জনকে কারাদণ্ড, জরিমানা সোয়া ২ লাখ টাকা

গাজীপুরে বিএনপি ও জামায়াতের প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক চারজনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র-সংলগ্ন এলাকায়ছবি: প্রথম আলো

সারা দেশের বিভিন্ন এলাকায় জাল ভোট দেওয়ার চেষ্টা, ব্যালট ছিনতাই, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচারিক আদালত। আজ বৃহস্পতিবার সারা দিনে ১৪টি জেলার অন্তত ১৯টি এলাকায় এসব ঘটনা ঘটে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ তিন বছর ও সর্বনিম্ন পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জনকে ৩ বছর করে এবং ৯ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ৪২ জনকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২০০ টাকা, অনাদায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার অভিযোগে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া ছাবিনা বেগম একই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুক্তা রানী।

অন্যদিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে বিপ্লব দাস (৫৩) নামের এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ‎বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। বিপ্লব দাস পৌরসভার কালীবাড়ি এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২২) নামের এক তরুণকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে আটকের পর তাঁকে সাজা দেওয়া হয়। দণ্ড পাওয়া রুবেল হোসেন উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

অন্যদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে তাহেরুল ইসলাম নামে বিএনপির স্থানীয় এক নেতাকে আটকের পর দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

ফেনী

ফেনীতে ভোটের আগের রাতে জোর করে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে আটকের পর ১৩ জনকে জরিমানা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গতকাল বুধবার রাতে ফেনী-১ আসনের ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা তাঁদের ৩৯ হাজার টাকা জরিমানা করেন।

গাজীপুর

গাজীপুরের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র-সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের চারজনকে আটক করার পর প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর বাজার এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে দণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির দুজন হলেন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইলিয়াস ও সোনারুয়া গ্রামের মো. তারেক এবং জামায়াতের দুজনের একজন ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. মেজবাহ ও কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. ইফতেখার।

অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় শামীমুল ইসলাম (৩৫) নামে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে কালিয়াকৈরের মাটিকাটা এলাকা থেকে আটক করার পর আজ গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন। দণ্ড পাওয়া শামীমুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন।

এদিকে গাজীপুরের কালীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর অভিযোগে শ্রেয়ন আহমেদ আলী (২০) নামের এক তরুণকে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শেয়ন আহমেদ আলী উপজেলার ধনুন এলাকার জুলহাস মোল্লার ছেলে।

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করার দায়ে উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসানকে (৪৩) ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। কামরুল চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

এদিকে ফরিদপুর সদর উপজেলার বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভোট কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপির প্রার্থীর এক পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। দণ্ড পাওয়া তানজির ইসলাম বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ভোট না দিয়ে ব্যালট নিয়ে বাইরে চলে যাওয়া এবং সাদা কাগজে কিছু লিখে ব্যালট বাক্সে ফেলার দায়ে শাহীন আলী (২০) নামের এক তরুণকে তিন বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহীন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আবদুল মালিথার ছেলে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণের অভিযোগে জয়নাল আবেদীন নামে জামায়াতের এক নেতাকে আটকের পর তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ তাঁর কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন। জয়নাল আবেদীন উপজেলার গোড়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের দপ্তর সম্পাদক।

রাজশাহী

রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সকালে নগরের শিরোইল কলোনি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটকের পর রাজশাহীর সিনিয়র সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান মো. শাহীন কবীর এ দণ্ড দেন। তাঁরা দুজনই শিক্ষার্থী।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ আটক জাতীয় যুবশক্তির এক নেতাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনকালীন বিচারিক আদালত। আজ সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাঁকে আটকের পর বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ দেন। ওই ব্যক্তির নাম সুকুমার দাস (৪৪)। তিনি জাতীয় যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক এবং উপজেলার ফকিরগঞ্জ বাজার খ্রিষ্টান পাড়া এলাকার বাসিন্দা।

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল (৪৫) নামের এক যুক্তরাজ‌্যপ্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া গোলাম রসুল উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে শায়েস্তাগঞ্জে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ব্যানার টানানোয় বিএনপি ও ১১-দলীয় জোটের চার সমর্থককে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাঁদের আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন লেঞ্জাপাড়া এলাকার আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের সাজন মিয়া (২৫) ও একই গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোর এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের কাউছার আহমেদ (২৬)।

শেরপুর

শেরপুরে ব্যালট ছিনতাই ও অবৈধভাবে ধানের শীষ প্রতীকে সিল মারার দায়ে মাসুদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া এ রায় দেন। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক এজেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ড পাওয়া মাসুদ মিয়া সদর উপজেলার নলবাইদ এলাকার বাসিন্দা এবং লাঙ্গল প্রতীকের এজেন্টের নাম মো. বেলাল হোসেন (৪৮)। তিনি নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সুনামগঞ্জ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও গোপন কক্ষের ছবি তোলার অপরাধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিশ্যাম, গাবী ও জিংলীগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার চারজন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ তাঁদের জরিমানা করেন। চারজনের মধ্যে উপজেলার মীর্জাপুর গ্রামের মেহেদী হাসানকে (২১) পাঁচ হাজার টাকা, নিজগাবী গ্রামের হাসিবুল হককে (২১) তিন হাজার টাকা, বেরিকান্দি গ্রামের মো.রফিকুল ইসলামকে (৪২) দুই হাজার টাকা ও হাবিবুল্লাহকে (৩০) এক হাজার টাকা জরিমানা করা হয়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]